সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে আগুনে  বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তাঁরা অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। নিহত অপর চারজনও তাঁদের স্বজন। এ ঘটনায় আমতলীর কালিপুরা গ্রামসহ দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনন্দভ্রমণে কক্সবাজারে যান মো. কবির তালুকদারের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন তাঁর ভায়রা মামুনুর রশিদের পরিবারের সদস্যরাও। তাঁরা কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ওঠেন। তবে কবির তালুকদারের জামাতা নুরে আলম শুক্রবার ঢাকায় ফিরে যান।

শনিবার রিসোর্টে অগ্নিকাণ্ডের সময় কয়েকজন জানালা ভেঙে বের হতে পারলেও অন্যরা আটকা পড়েন। এ ঘটনায় কবির তালুকদারের মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতনি ফাইজান আহম্মেদ নিহত হন।

নিহত অপর চারজন হলেন ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম। তাঁরা মামুনুর রশিদের পরিবারের সদস্য। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ি ঢাকার ফতুল্লা এলাকায়।

নিহত কৌশিক জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছিলেন। তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের তিন সদস্যকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মো. কবির তালুকদার ও তাঁর স্বজনেরা।

কান্নাজড়িত কণ্ঠে মো. কবির তালুকদার বলেন, ‘আমার আর কিছুই রইল না। আমার ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। পাশাপাশি আমার ভায়রার পরিবারের চারজনও মারা গেছেন।’

পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের জন্য শনিবার বিকেলে স্বজনেরা ঘটনাস্থলে গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। পরিবার সহায়তা চাইলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০