প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নতুন সাজে রাজশাহী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে পদ্মাপাড়ের ঐতিহাসিক নগরীতে বইছে উৎসবের হাওয়া। শহর জুড়ে চলছে ব্যাপক সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান। নতুন রূপে সেজে ওঠা রাজশাহীবাসী এখন প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সরেজমিনে নগরীর বিমান চত্বর এলাকা ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন রংমিস্ত্রি ও পরিচ্ছন্নতাকর্মীরা। সড়ক বিভাজকের আইল্যান্ডে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পুরোনো স্থাপনার সৌন্দর্য ফিরিয়ে আনা হচ্ছে।
সফর উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে পদ্মাপাড়ের নগরীতে সর্বকালের সর্ববৃহৎ জনসভার আয়োজন করা হচ্ছে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
এদিকে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন আশা প্রকাশ করে বলেন, এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সফর বিশেষ ভূমিকা রাখবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, সফর সফল ও সুশৃঙ্খল করতে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়ক মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জেলা বিএনপির স্থানীয় নেতারাও তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
১৯৭ বার পড়া হয়েছে