ময়মনসিংহে লালনের তিরোধান দিবসে 'মানুষ ভজলে' গানের আসর
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহাত্মা ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহের জয়নুল উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ বাউল গানের আসর 'মানুষ ভজলে'। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা।
শনিবার বিকেলে নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গণে এই সুরের মেলা বসে। অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। এতে বাউল গানের টানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা ভিড় জমান।
আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, বর্তমান বিশ্ব ও সমাজের হিংসা-অস্থিরতা দূর করতে লালনের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের কাছে খাঁটি দেশীয় সংস্কৃতি তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
উক্ত আসরে বাউল সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল জব্বার, স্বদেশ তালুকদার, মো. হাফিজ উদ্দিন, আনোয়ার সরকার এবং জুবায়েদ হোসেন সহ অন্যান্য শিল্পীবৃন্দ। উল্লেখ্য, ২০২৫ সাল থেকে ১৭ই অক্টোবর লালন তিরোধান দিবসকে জাতীয়ভাবে পালন করা হচ্ছে।
১৪০ বার পড়া হয়েছে