দুর্গাপূজায় সাতক্ষীরা সীমান্তে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সংলগ্ন ৫৮টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বমোট ২৯১টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বিজিবি। এর মধ্যে ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটার এলাকার ভেতরের একটি মণ্ডপসহ অতি গুরুত্বপূর্ণ ৫৮টি মণ্ডপে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সারাদেশে প্রায় ১০ হাজার এবং যশোর রিজিয়নের আওতায় প্রায় ২ হাজার বিজিবি সদস্য পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ধারা বজায় রেখে উৎসব সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
১১৭ বার পড়া হয়েছে