লালন সাঁই অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান সাধক লালন সাঁইয়ের আদর্শ ও দর্শনের কেন্দ্রে ছিল মানবপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে লালনের বার্তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, লালন সাঁই কেবল একজন বাউল সাধক নন, তিনি ছিলেন মানবমুক্তির অনন্য পথিকৃৎ। তিনি অসাম্প্রদায়িকতার যে বাণী ছড়িয়ে দিয়েছেন, তা যুগে যুগে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। ধর্মীয় বা সামাজিক বিভাজন নয়, ভালোবাসাই মানব সম্পর্কের একমাত্র ভিত্তি হওয়া উচিত।
বর্তমান সরকারের নানা সাংস্কৃতিক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে লালনের অমূল্য দর্শন ও লোকসংগীতের ঐতিহ্য পৌঁছে দেওয়া সকলের নাগরিক দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন।
মানিকগঞ্জের সন্তান হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, এই মাটির সঙ্গে তাঁর গভীর দায়বদ্ধতা রয়েছে। তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করে মানিকগঞ্জের মানুষের সেবা ও সার্বিক উন্নয়নে তিনি আজীবন নিয়োজিত থাকবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় গুণীজন ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে শিল্পকলা একাডেমি ও জাসাসের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৪৩ বার পড়া হয়েছে