কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে পুরোহিতদের ধুতি, নারীদের শাড়ি বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪৩টি দুর্গামন্দিরের পুরোহিতদের মধ্যে ধুতি এবং মন্দিরসংশ্লিষ্ট নারী ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়।
নড়াইলের কালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরোহিত ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নারীদের শাড়ি দেওয়া হয়। এ ছাড়া নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব ব্যবস্থাপনায় উপজেলার ১৪৩টি দুর্গামন্দিরের পুরোহিতদের মধ্যে ধুতি বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের সহায়তা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৩২ বার পড়া হয়েছে