হাসপাতাল দালালমুক্ত ও সুশৃঙ্খল করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত ও চিকিৎসাসেবায় সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অতীতে গড়ে ওঠা দালালদের সিন্ডিকেট ভেঙে রোগীদের হয়রানি বন্ধে কার্যকর তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি জানান, হাসপাতালে রোগীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিতে স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যখাতের জনবল সংকট নিরসনে আউটসোর্সিংয়ের পাশাপাশি নীতিমালার আলোকে স্থায়ী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সেবার মান বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
উক্ত মতবিনিময় সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ প্রশাসনিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮২ বার পড়া হয়েছে