দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁর অভিযোগ, দলটির সাবেক মন্ত্রীরা বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবাইকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, দেশ এখন উন্নয়নের সিঁড়িতে হাঁটছে। কিন্তু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে দলটি দেশ-বিদেশে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামে আমেরিকাপ্রবাসী বিএনপি নেতা আলমগীর কবিরের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। অনুষ্ঠানে দুস্থদের জন্য নবনির্মিত বাড়ি প্রদান, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রীরা দেশের বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। সেখান থেকে তাঁরা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। হরমুজ প্রণালি দিয়ে দেশে আমদানি করা জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ করার ষড়যন্ত্রেও তাঁরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না।
অনুষ্ঠানে বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে রিজভী বলেন, বিএনপি সরকার সব সময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ৩০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে প্রায় এক হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ হয়েছে। এ ছাড়া কোটি কোটি বৃক্ষ রোপণের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, দেশের মানুষের জন্য জেলে কার্ড, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশকে অস্থিতিশীল করার সব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব এসএম কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল কুদ্দুস বাদশা ও উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ঈসা, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম এবং সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামানসহ অন্যরা।
১০৯ বার পড়া হয়েছে