সর্বশেষ

সারাদেশ

দ্রুততম সময়ে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী শাহে আলমের

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু দ্রুততম সময়ে নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১৪ অক্টোবর) সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তিনি জানান, নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও সমীক্ষা করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় দেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াঘাট এলাকায় সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তিনি দ্রুততম সময়ে সেতুটি বাস্তবায়নের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুততম সময়ে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।’ সেতু নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও সমীক্ষা করা হবে উল্লেখ করে তিনি এ প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেতু নির্মাণসহ এলাকার বিভিন্ন দাবি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেতু নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে তিনি কুষ্টিয়ায় এসেছেন। সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরাও তাঁর সঙ্গে রয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এমন উদ্যোগ নিতে হবে, যাতে শত বছর ধরে মানুষ তাঁদের স্মরণ করে। শহীদ আবরার ফাহাদ কে ছিলেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং তাঁর স্মৃতি ধরে রাখতে নিরলসভাবে কাজ করতে হবে।

এর আগে বুধবার দুপুরে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে তাঁর নামে নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন। এরপর গড়াই নদের ওপর প্রস্তাবিত সেতুর স্থান ঘুরে দেখেন এবং সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এশিউর গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি ড. শেখ সাদী এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সেতু বাস্তবায়ন কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতুটি নির্মিত হলে কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের একাংশের মানুষের যাতায়াত সহজ হবে। বর্তমানে এসব এলাকার অনেক মানুষ নৌকা বা ট্রলারে গড়াই নদ পার হয়ে কুষ্টিয়া শহরে যাতায়াত করেন।

গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় সেতু নির্মাণের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়। তবে সেতুটির চূড়ান্ত অনুমোদন বা নির্মাণকাজ শুরুর সিদ্ধান্তের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০