সর্বশেষ

জাতীয়

তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিজ নিজ কাজ ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা শুনে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ গঠনে তাঁদের মতো মানুষের অনেক প্রয়োজন। এ সময় তাঁদের উদ্যোগের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি। তাঁদের একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নিয়েছেন, একজন দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং অন্যজন নিজের উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁদের জীবনসংগ্রাম, কর্ম ও সমাজকল্যাণমূলক উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তাঁদের কাজের প্রশংসা করে উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

সাক্ষাৎকারীদের মধ্যে রয়েছেন নায়লা শারাফ, মো. আলতাফ হোসেন ও রেজাউল কিবরিয়া বাবুল।

বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা

নায়লা শারাফ বুয়েট থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনতা ব্যাংকে কাজ করেছেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে নিজ উদ্যোগে শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন।

দুই হাত না থাকলেও প্রতিষ্ঠা করেছেন বিদ্যালয়

জন্ম থেকেই দুই হাত না থাকা মো. আলতাফ হোসেন পা দিয়ে লেখালেখি শিখেছেন। অদম্য ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।

নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থ দিয়ে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাঁদের পাঠদানের জন্য রয়েছেন ১০ জন শিক্ষক।

আলতাফ হোসেনের জীবনসংগ্রাম ও বিদ্যালয় প্রতিষ্ঠার কথা শুনে নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিন দশক ধরে গাছ লাগাচ্ছেন বাবুল

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন। মসজিদে ইমামতির পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিক্রি করে একটি নার্সারি গড়ে তোলেন তিনি। সেই নার্সারিতে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ করেন।

বাবুলের লাগানো অনেক গাছ এখন বড় হয়েছে। এসব গাছের ছায়ায় উপকৃত হচ্ছেন পথচারীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কাজ অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করে। তিনি তাঁদের নিজ নিজ উদ্যোগ অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০