সর্বশেষ

সারাদেশ

'অনলাইনে পরিচিতদের সাথে নতুন জীবন শুরুর প্ল্যান ছিলো ৪ জনের'

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মুঠোফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরু এবং স্বাধীনভাবে চলার পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল। এ ঘটনায় বিক্রি করা একটি মুঠোফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই চার শিক্ষার্থী। তবে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপারকে জানানো হয়। পরে তাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের সব থানায় তাদের ছবি ও পরিচয়-সংবলিত বেতার বার্তা পাঠানো হয়। পুলিশের সমন্বিত অভিযানের অংশ হিসেবে ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, উদ্ধারের পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যোগাযোগ এবং বাড়ি ছাড়ার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তারা নিয়মিত মুঠোফোন ব্যবহার করত, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও প্রকাশ করত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি স্বাধীনভাবে চলাফেরার পরিকল্পনা করেছিল শিক্ষার্থীরা। এ উদ্দেশ্যে তারা বাড়ি থেকে স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়।

পুলিশ আরও জানায়, কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় শিক্ষার্থীরা। সেখানে পরিকল্পনা অনুযায়ী কিছু করতে না পেরে পরে হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বাহার মোবাইল মার্কেট থেকে বিক্রি করা মুঠোফোনটি উদ্ধার করেন। এ ছাড়া তাদের কাছ থেকে অন্যান্য স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের অনলাইন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০