জয়পুরহাটে ডায়রিয়ার হঠাৎ প্রকোপ, ৬ দিনে আক্রান্ত দুই শতাধিক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে হঠাৎ করেই আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলা শহরের ৪০০ শয্যার জেনারেল হাসপাতালে বেড না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। তীব্র গরমে দূষিত পানি ও বাসি খাবার গ্রহণের ফলেই এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে হঠাৎ করেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। প্রথম দিনে ৪৯ জন ভর্তি হলেও পর্যায়ক্রমে সোমবার ভর্তি হন দেড়শ জন রোগী। পরবর্তী দুই দিনে আরও ৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ৬ দিনে ২৬৭ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
হাসপাতালের ৪২ শয্যার ওয়ার্ডে উপচে পড়া ভিড়ের কারণে অধিকাংশ রোগীকে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগী ও স্বজনরা জানান, বাইরের রেস্তোরাঁর খাবার, দই, সিঙ্গারার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অনিয়ন্ত্রিত খাবার গ্রহণের পরপরই শুরু হয় ঘন ঘন পাতলা পায়খানা।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, বর্তমানে রোগীর চাপ আগের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে। তীব্র গরমে পচা-বাসি খাবার বর্জন করা এবং পানি ফুটিয়ে পান করার জন্য রোগীদের জরুরি পরামর্শ প্রদান করা হচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে