সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় ব্যবসায়ীর পাওনা আদায়ে হয়রানি-হুমকি, সংবাদ সম্মেলন ও জিডি

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী হিরু ও সাগরের কাছে পণ্য বাবদ ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এ বিষয়ে (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাসেল আহাম্মেদ।

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠান ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। পাওনা টাকা আদায় করতে গিয়ে টাকা না দিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। এ বিষয়ে লিখিত অভিযোগ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) রাসেল আহাম্মেদ এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এ্যাম্পায়ার কটনের যৌথ মালিক রাইসান রোমান ও আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে তৈরি পোশাকের ব্যবসা পরিচালনা করছেন। ২০২০ সালে পরিচয়ের সূত্র ধরে আসাদুজ্জামান হিরু (৪৫) ও সাগর হোসাইন (৩২) প্রতিষ্ঠানটি থেকে নগদ ও বাকিতে তৈরি পোশাকের পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে হিসাব-নিকাশ করে তাঁদের কাছে ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করে এ্যাম্পায়ার কটন।

প্রতিষ্ঠানটির অভিযোগ, পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আসাদুজ্জামান হিরু ও সাগর হোসাইন বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। এ ঘটনায় ২০২৫ সালে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় এ্যাম্পায়ার কটন কর্তৃপক্ষ জানতে পারে, নিউ ইনডেক্স এক্সোসরিজ নামের আরেকটি প্রতিষ্ঠানেরও সাগর হোসাইন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রায় ৫ কোটি ৪৭ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করা হচ্ছে। পাওনা টাকা নিয়ে সমঝোতার বিষয়ে অক্টো অফিস এলাকার নীরজুম হাউজিং সোসাইটিতে সাগর উপস্থিত হলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে এ্যাম্পায়ার কটনের মালিক রাইসান রোমান ও আতিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেখানে যান। এ সময় পাওনা টাকা চাইলে সাগর হোসাইন টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা প্রথম আলো পত্রিকার চাকরিচ্যুত সাংবাদিক পরিচয়ে উল্লেখ করা গোলাম রব্বানী শিমুল টাকা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ এবং মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দেন বলে দাবি করেছে এ্যাম্পায়ার কটন কর্তৃপক্ষ। এ সময় অন্য পাওনাদারদের সঙ্গেও তাঁর বাকবিতণ্ডা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, পরে পাওনার হিসাব-নিকাশ নিষ্পত্তির উদ্দেশ্যে সাগর হোসাইন স্বেচ্ছায় তাদের গাড়িতে করে এ্যাম্পায়ার কটনের কার্যালয়ে আসেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। পরে সাগরের অভিভাবকেরা বৈঠকে উপস্থিত হয়ে পাওনা টাকা পরিশোধের শর্তে তাঁকে নিয়ে যান। এ ঘটনায় বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বিসিক গার্মেন্টস মালিক সমিতির নেতাদেরও অবহিত করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে সৌরভ নামের এক ব্যক্তি ডেইলি স্টারের সাংবাদিক পরিচয়ে ফোন করে চাপ প্রয়োগের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছে এ্যাম্পায়ার কটন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ এবং সাগর হোসাইনের বক্তব্যের ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া অভিযোগের পরদিন ‘প্রেস নারায়ণগঞ্জ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে এ্যাম্পায়ার কটন কর্তৃপক্ষ। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার মানিক মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৪৫), একই এলাকার শরীফ উদ্দিন মেম্বারের ছেলে সাগর হোসাইন (৩২) এবং কুমিল্লার দেবিদ্বার থানার আমলাবাড়ী এলাকার শাহ আলমের ছেলে মো. গোলাম রব্বানী শিমুল (৩২)।

সংবাদ সম্মেলনে রাসেল আহাম্মেদ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০