গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পাখিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুস শুকুর ভ্যান নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১১-১০২৮। ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুস শুকুর।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে যান। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
৩৬৬ বার পড়া হয়েছে