দুর্গাপূজায় ২,৭২৭ মণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সীমান্তবর্তী ও ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী অঞ্চলে দ্রুত টহল এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবির দায়িত্ব প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে ঢাকায় দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজার সময় সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন বিজিবি সদস্যরা।
২২৬ বার পড়া হয়েছে