মোংলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেপ্তার
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাগেরহাটের মোংলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা-পুলিশ। সম্প্রতি ২০২৪ সালের একটি মাদক মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম। তিনি জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুর রহিম মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়েছিল। ওই সময় তাঁর ঘর তল্লাশি করে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার তথ্য রয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, আব্দুর রহিম বিদেশি মদ, হুইস্কি, বিয়ার ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত। মোংলা পৌর শহরের তরুণ ও যুবকদের কাছে মাদক বিক্রির অভিযোগেও তিনি আলোচিত।
সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুর রহিমকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
১৫২ বার পড়া হয়েছে