আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়, নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড রেজা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলি রেজা। বিজয়ী দলের এই জয়ে বড় ভূমিকা রাখেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার চমৎকার অ্যাসিস্ট।
শুক্রবার গোপালগঞ্জের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বজায় রাখে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আবাহনী, তবে সজিবের ক্রস থেকে বাবাতুঙ্গের হেড গোলপোস্টের কাছ দিয়ে বাইরে চলে যায়। ১৫তম মিনিটে আল-আমিনের সহায়তায় সুযোগ মিস করেন সবুজ হোসেন।
ম্যাচের ২৭ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন সাঈদ আলী রেজা। থিয়াগোর বাড়ানো লম্বা পাস ধরে আবাহনীর গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পাকিস্তানি ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া আবাহনীর একাধিক জোরালো আক্রমণ রুখে দেন ব্রাদার্সের গোলকিপার রাজিব।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে সমতায় ফেরে আকাশী-নীল শিবিরের ফুটবলাররা। ইয়াসিনের পাস ধরে জোরালো শটে ব্রাদার্সের জাল কাঁপান রবিউল হাসান। ১-১ গোলে সমতার পর ৬০ মিনিটে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্সের জনাথন সান্তানা এবং আবাহনীর অ্যান্থনি ওকাচি।
দশ জনের দলে পরিণত হওয়ার পর ৭৬ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গোপালগঞ্জের স্বাগতিক ফুটবলাররা। জামালের পাসে নিজের দ্বিতীয় গোল পান রেজা। শেষদিকে সজিব ও বাবলুর চেষ্টা রাজিব প্রতিহত করলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীকে। এই জয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে উঠে এল ব্রাদার্স।
১২০ বার পড়া হয়েছে