সর্বশেষ

জাতীয়

নিজেদের খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক সাফল্য অর্জনের আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মুঠোফোনের আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি।

নিজেদের খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার সুযোগ বাড়িয়ে বিশ্বমানের খেলোয়াড় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মুঠোফোনের আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। একটি সুস্থ জাতি গঠনে তরুণদের জন্য খেলার মাঠ ও খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন।

অ্যাথলেটিকসের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী বলা হয়। এ খেলায় একজন ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। অ্যাথলেটিকসের ভিত্তি শক্তিশালী হলে অন্যান্য খেলায়ও দেশের সক্ষমতা বাড়বে।

রাষ্ট্রপতি বলেন, খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের বিষয়। তখন সবার পরিচয় একটাই—আমরা বাংলাদেশি।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এর অংশ হিসেবে স্পোর্টস কার্ড, ক্রীড়া ভাতা, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। অবৈধভাবে দখল করা খেলার মাঠ দখলমুক্ত করে সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে কোনো প্রতিভা যেন ঝরে না পড়ে, সে জন্য স্কুল, কলেজ এবং জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান অ্যাথলেট উঠে আসবে এবং তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বাড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৭টি দলের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতার থিম সং পরিবেশন করা হয়। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস গেমসের মশাল প্রজ্বলন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পুরুষ ও নারীদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করেন। এর আগে বিকেল চারটার দিকে জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০