দোকানপাট বন্ধের সময় কমল দুই ঘণ্টা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, তা আর থাকছে না। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে আজ থেকে আগের সময়সূচি অনুসরণ করতে হবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম আবার কার্যকর হয়েছে।
চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার। এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদ উপলক্ষে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জুনে এই সময়সীমা কমিয়ে রাত ৯টা করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে আনা হয়। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে আজ থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাটকে আগের সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।
১০৯ বার পড়া হয়েছে