নরসিংদী ম্যারাথনে দৌড়ালেন ১৫০০ প্রতিযোগী, বিজয়ী ৫২ জন
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুস্থ জীবনের বার্তা নিয়ে নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জমকালো ম্যারাথন প্রতিযোগিতা। দেশজুড়ে ১৫০০ দৌড়বিদের অংশগ্রহণে ভোরের আলো ফোটার আগেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় বিজয়ী ৫২ জন প্রতিযোগীর হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়।
নরসিংদী রানার্স কমিউনিটির উদ্যোগে শহরের আরশীনগর রেলগেট এলাকা থেকে ১০ কিলোমিটার মিনি ম্যারাথন উদ্বোধনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে রায়পুরা আঞ্চলিক সড়কে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ভোর চারটায় ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনের সূচনা করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ ও তরুণ থেকে প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো রায়পুরা সড়ক প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগীদের সুবিধার্থে পুরো পথজুড়ে ছিল নিখুঁত নিরাপত্তা ও হাইড্রেশন ব্যবস্থা। অংশগ্রহণকারীদের জন্য রেস জার্সি, মেডেল, চিপযুক্ত বিব নম্বর ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ছিল বিনামূল্যে ক্যাম্পিং সুবিধা। তরুণদের মাদকমুক্ত রাখা এবং নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
প্রতিযোগিতা শেষে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য খাইরুল কবির খোকন। আয়োজনে পুরুষ ও নারী উভয় বিভাগে ৪২ জন এবং প্রবীণ বিভাগে ১০ জনসহ মোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে ক্রেস্ট, সনদ ও মেডেল প্রদান করা হয়।
১২২ বার পড়া হয়েছে