ঘুড়ি উৎসব ও নানা আয়োজনে কুয়াকাটায় পর্যটন কার্নিভাল
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবলের মতো বৈচিত্র্যময় ইভেন্টে মুখরিত হয়ে উঠেছে সৈকত এলাকা।
শুক্রবার বিকেলে কুয়াকাটার মনোরম লেম্বুর বন সৈকতে অনুষ্ঠিত হয় রঙিন ঘুড়ি উৎসব। এ সময় আকাশে নানা রঙের ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। একই স্থানে স্থানীয় শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে তারা ক্যানভাসে ফুটিয়ে তোলে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহ্য।
উৎসবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্নিভালের প্রথম দিনের সূচনা হয়। রাতে দেশবরেণ্য তারকা শিল্পীদের অংশগ্রহণে সৈকতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে বিচ ম্যারাথন ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে আয়োজকদের বিশাল প্রস্তুতি থাকা সত্ত্বেও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের সমাগম ঘটেনি। পুরো উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছেন।
১২১ বার পড়া হয়েছে