শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ১৪০০ মানুষ
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৪ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা পরামর্শের পাশাপাশি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও পরিচালনা করেন। এর মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পেয়েছে।
রাজনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মো. মোদাচ্ছের হোসাইন সবুজ মীরবহরের সার্বিক ব্যবস্থাপনায় এই বৃহৎ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে নড়িয়া ও আশপাশের অঞ্চলের প্রায় ১ হাজার ৪শ নানা বয়সী নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনি, চর্মরোগ, ডেন্টাল ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের মোট ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। রোগীদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। এছাড়াও মেডিকেল ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী প্রতিনিধি, বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।
১২৩ বার পড়া হয়েছে