ভালুকায় ৮ দিনের ব্যবধানে সাপের কামড়ে ২ গৃহবধূর করুণ মৃত্যু
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের দংশনে মাত্র ৮ দিনের ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যান্টিভেনম দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি তাদের। আশঙ্কাজনক হারে সাপের উপদ্রব বৃদ্ধিতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাচিনা ইউনিয়নের গনকা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হন জাহানারা বেগম (৪৫)। তিনি ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা চলাকালেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এর আগে গত ১৪ অক্টোবর উপজেলার পাড়াগাঁও বাঁশবাড়ি এলাকায় একইভাবে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনের শিকার হন মোছলেহা খাতুন (৪২) নামের আরেক গৃহবধূ। তাকেও দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম দফায় অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও মোছলেহার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন সকালে তাকে দ্বিতীয় দফায় ইনজেকশন দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১২৭ বার পড়া হয়েছে