পেনসিলভানিয়ায় বাড়িতে গুলিতে নিহত ৮, সন্দেহভাজনেরও মৃত্যু
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে গুলির ঘটনায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। অঙ্গরাজ্যটির গভর্নর জশ শাপিরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে গুলির ঘটনায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সংবাদমাধ্যম ইরি নিউজ নাও-এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে ইরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে এবং পরে একটি বাড়িতে প্রবেশ করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে সড়কের ওপর দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়ির ভেতরে অবস্থান নেন। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং তাঁকে বাইরে বেরিয়ে আসার নির্দেশ দেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।
একপর্যায়ে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহ উদ্ধার করে। সেখানে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। তাঁর শরীরেও গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।
শনিবার মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়েছিল। পুলিশের সঙ্গে দীর্ঘ সময়ের অচলাবস্থা কিংবা পদক্ষেপ নিতে বিলম্বের কারণে এসব মৃত্যু হয়নি।
ইরি পুলিশের প্রধান রিক লোরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখানে যে প্রাণহানি ঘটেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
রিক লোরা আরও বলেন, তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা এ-সংক্রান্ত অন্য কোনো বিষয়ে অনুমাননির্ভর মন্তব্য করবে না পুলিশ।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ইরিতে সংঘটিত এই মর্মান্তিক গণগুলির ঘটনায় তাঁর প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে। এ ঘটনায় অঙ্গরাজ্যটির নয়জন বাসিন্দার প্রাণহানি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শাপিরো বলেন, ‘এই পরিবারটির জন্য আমার হৃদয় ব্যথিত।’ তিনি আরও জানান, তিনি ও তাঁর স্ত্রী নিহত ব্যক্তিদের স্বজন এবং ইরি শহরের মানুষের জন্য প্রার্থনা করছেন।
এদিকে, এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে শনিবার বিকেলে মেয়রের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে