মধুখালীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মধুখালী-আরকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোঃ সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১০৫ বার পড়া হয়েছে