দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত: চিকিৎসাসেবার বাইরে ৯২ শতাংশ রোগী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৯২ শতাংশই কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না। এই উদ্বেগজনক চিত্র সামনে রেখে দিনাজপুরে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সহমর্মিতা ও সুচিকিৎসার আহ্বানে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটিতে মানসিক স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর জোর দাবি জানান বক্তারা।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় দিবসটি পালিত হয়। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
হাসপাতালের শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মূল তথ্যগুলো তুলে ধরা হয়। সভায় জানানো হয়, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিক চাপ বাড়িয়ে তুলছে। সামাজিক অপবাদ ও লোকলজ্জার ভয়ে অনেকেই প্রয়োজনীয় সেবা নিতে পারছেন না।
বক্তারা দেশে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংকটের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। একইসঙ্গে বিভাগীয় ও জেলা শহরকেন্দ্রিক সেবাব্যবস্থার কারণে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাবঞ্চিত হওয়ার বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলমসহ স্থানীয় মেডিকেল কর্মকর্তা ও সিডিডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১০৫ বার পড়া হয়েছে