সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮-এর ৩৬ (১) ধারার টেবিলের ৮ (গ) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচরের নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।
অভিযানে বাসটি থেকে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
১২৭ বার পড়া হয়েছে