পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ করে রাতভর নির্যাতন, অভিযুক্ত ছাত্রদল নেতা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে মনিরুল ইসলাম নামের এক কলেজছাত্রকে অপহরণ করে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরকে সদর উপজেলার পৌর শহর সংলগ্ন বসাক বাজার এলাকা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পেছনে সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব ও সক্রিয় কর্মী সিয়াম জড়িত বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, রাতে বাজার এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে একটি গোপন স্থানে আটকে রেখে মনিরের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি দামী স্মার্টফোনও কেড়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছ থেকে নগদ এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর তাঁকে ছেড়ে দেয় অভিযুক্তরা।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তামান্না রহমান জানান, আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৪ বার পড়া হয়েছে