সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতি চেষ্টার খবর ভিত্তিহীন ও কাল্পনিক: টোয়াস
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আসন্ন পর্যটন মৌসুমের মুখে একটি স্বার্থান্বেষী মহল সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে।
সোমবার বিকেলে মোংলা প্রেস ক্লাব হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সুন্দরবনের ট্যুর অপারেটরদের এই শীর্ষ সংগঠন। সংবাদ সম্মেলনে টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত "সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা" শিরোনামের খবরটি সম্পূর্ণ বানোয়াট। বন বিভাগও নিশ্চিত করেছে যে টোয়াস নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
টোয়াস নেতৃবৃন্দ অভিযোগ করেন, সুন্দরবনের পর্যটন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে পরিকল্পিতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর উদ্দেশ্য পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করা এবং পর্যটকদের মনে অযথা ভীতি সৃষ্টি করা। সুন্দরবনের পর্যটন খাত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তারা আশ্বস্ত করেন।
সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দ্রুত এই ভিত্তিহীন খবর প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের যেকোনো তথ্য প্রকাশের আগে তা ভালোভাবে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে। এ সময় টোয়াসের কার্যকরী সভাপতি মোঃ আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে