কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যকার বৈষম্য দূরীকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা পরিষদ চত্বর থেকে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘পায়রা’-য় এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নূরুল হক এবং সাংগঠনিক সম্পাদক আবুল বাসার যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ চায়না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম এবং ধানখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহামুদা খানম। এছাড়া খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওয়ালীউল্লাহ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী সভায় বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থায় সমতা ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট পদক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়।
১১৪ বার পড়া হয়েছে