গণতন্ত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়াসহ প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রকে সুসংহত ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক ও নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না, নারীর ক্ষমতায়নের পরিধিও বাড়াতে হবে। ভোটার ও প্রার্থী হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটার অনুপাতে রাজনৈতিক দলগুলোকে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে শুধু আইন নয়, দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনা প্রয়োজন।
অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, শুধু সভা-সেমিনার বা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নারীর সমতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য মাঠপর্যায়ে কাজ করতে হবে। বিশেষ করে নারী ভোটার বাড়াতে গ্রাম ও উপকূলীয় এলাকায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো নির্বাচনে নারীদের অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করে তাহমিদা আহমদ বলেন, তবে ভোটার সংখ্যার তুলনায় নারী প্রার্থীর সংখ্যা এখনো কম।
১১৪ বার পড়া হয়েছে