আজ বিশ্ব শিক্ষক দিবস, ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে সারা দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। এবারই প্রথম এত বেশি সংখ্যক শিক্ষককে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এর আগে সম্মাননা পেয়েছেন ১২ জন শিক্ষক।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সরকারের উদ্যোগে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের বিভিন্ন পর্যায়ের মোট ১০১ জন শিক্ষক এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে তাঁদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
শিক্ষক সম্মাননার মধ্যে প্রাথমিক পর্যায়ে থাকছেন ১০ জন। এর মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদরাসার ২ জন শিক্ষক রয়েছেন।
মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে সম্মাননা দেওয়া হবে ২৫ জনকে। এর মধ্যে সাধারণ কলেজের ১৫ জন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ জন এবং মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। তাঁদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।
চিকিৎসা শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাবেন ১০ জন। এর মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক সম্মাননা পাবেন। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এ সম্মাননার আওতায় থাকছেন।
জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এবারের বিশ্ব শিক্ষক দিবসে এই বিশেষ সম্মাননার আয়োজন করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে