বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিফা উইন্ডোর দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখানো লিওনেল স্কালোনির দল ম্যাচের পুরো সময়ই নিয়ন্ত্রণে ছিল।
ফিফা উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বুরকিনা ফাসোর বিপক্ষেও বড় জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে কোনো গোল না খেয়ে ১১ গোল করেছে আর্জেন্টিনা।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো ডি-বক্সের মধ্যে অগাস্টিন জিয়াইকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের নেওয়া স্পট-কিক প্রতিপক্ষের গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে বাঁ পায়ের শটে গোল করেন মার্তিনেস।
জাতীয় দলের হয়ে এটি মার্তিনেসের টানা দ্বিতীয় গোল। এর আগে বলিভিয়ার বিপক্ষেও ম্যাচের প্রথম গোলটি করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৮৬ ম্যাচে ৪২ গোল করা মার্তিনেস এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারও বুরকিনা ফাসোর রক্ষণভাগের ভুল কাজে লাগে স্বাগতিকদের। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন দিয়ালো।
১২তম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। ম্যাচের ১৫ মিনিট পূর্ণ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির দল।
৩৫তম মিনিটে ফাঁকা জায়গা দিয়ে দারুণভাবে দৌড়ে গিয়ে গোল করেন নিকোলাস পাজ। এর এক মিনিট পরই গোলের তালিকায় নাম লেখান হুলিয়ান আলভারেস। এতে বিরতিতে ৫-০ ব্যবধানে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন এই তরুণ ফরোয়ার্ড।
মনুমেন্টাল স্টেডিয়ামে মাস্তানতুওনোর জন্য এটি ছিল বিশেষ একটি মুহূর্ত। রিভার প্লেটে খেলার সময়ও এই মাঠে ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেছিলেন তিনি।
ম্যাচজুড়ে বুরকিনা ফাসোকে তেমন কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার সপ্তম গোলটি করেন। ফলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
১০৮ বার পড়া হয়েছে