সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক সাংবাদিকসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে প্রায় এক বছর ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে ইসরাইলের বিরুদ্ধে।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, বুধবারের হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। তবে তিনি কোথায় এবং কী পরিস্থিতিতে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

পৃথক ঘটনায় বুধবার গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র।

অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পরিচালনাকারী মানবিক সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা ১৩ জন আহতকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিনের ইসরাইলি হামলা ও অবরোধে গাজার স্বাস্থ্যব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তাঁর আশঙ্কা, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত একজন নারী নিহত হয়েছেন।

ওয়াফার উদ্ধৃতি দিয়ে স্থানীয় সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি ড্রোন হামলায় দুই শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার দক্ষিণ-পূর্বে ইসরাইলি বাহিনীর হামলায় আরও দুজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকাতেও ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে অন্তত নয়জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে আটজন হামলায় নিহত হয়েছেন। আগের আঘাতের কারণে একজন নারী মারা গেছেন। এতে গত অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ২৬ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩১ জন।

গাজার বাসিন্দাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাংবাদিক হিন্দ খুদারি বলেন, যুদ্ধবিরতি থাকলেও ইসরাইলি বাহিনীর সহিংসতা অব্যাহত রয়েছে। প্রতিদিনই ফিলিস্তিনিরা নিহত ও আহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে।

তিনি বলেন, অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য সুপারমার্কেটে যাওয়া, সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া কিংবা স্বাভাবিক জীবনযাপন করাও আতঙ্কের হয়ে উঠেছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের আগস্টের এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজাজুড়ে ধ্বংসপ্রাপ্ত স্থাপনার সংখ্যা ৯ শতাংশ বেড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা—প্রায় ২ লাখ ভবন—ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব স্থাপনার প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০