সর্বশেষ

খেলা

পাকিস্তানের কাছে হেরে ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
তাওহিদ হৃদয়ের ঝোড়ো ইনিংসও শেষ পর্যন্ত বাংলাদেশকে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে তুলতে পারেনি। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফলে স্বর্ণ ও রৌপ্য—দুই পদকের লড়াই থেকেই ছিটকে গেল লিটন দাসের দল।

বৃষ্টিভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় খেলা কমিয়ে ১৩ ওভারে নামিয়ে আনা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারায় দলটি। তানজিদ হাসান তামিম ১৭ রান করে ফেরেন। এরপর পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন কুমার দাস মাত্র ২ রান করে বিদায় নেন।

চতুর্থ উইকেটে সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরলে ৪৫ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে মাত্র ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে শতরানের কাছাকাছি নিয়ে যান তাঁরা। হৃদয় ২৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

তবে ইনিংসের শেষ দিকে সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে টানা দুই বলে হৃদয় ও মোসাদ্দেক আউট হলে বাংলাদেশের রানের গতি কমে যায়। শেষ দিকে শেখ মাহেদীর একটি চারের সহায়তায় ১৩ ওভারে ১১১ রানে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের সুফিয়ান মুকিম ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। বাংলাদেশের বোলাররা সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি করেন।

তবে পঞ্চম উইকেটে আবদুল সামাদ ও হাসান নওয়াজের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যায়। সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ১১ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে উঠে যায় তারা।

ফাইনালে ওঠা না হলেও বাংলাদেশের পদক জয়ের সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী শনিবার (৩ অক্টোবর) ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩ ওভারে ১১১/৭ (হৃদয় ৪২, সাইফ ১৯, তানজিদ ১৭; সুফিয়ান ৩/২৬)।
পাকিস্তান: ১১.৩ ওভারে ১১২/৪ (সামাদ ৩০*, হাসান ২৭*, উসমান ১৪; মাহেদী ১/১৭, মুস্তাফিজ ১/৪১)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০