ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: কলাপাড়ার দুই ছাত্রদল নেতা বহিষ্কার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ছাত্রদল কর্মীকে অপহরণ ও নির্মম নির্যাতনের অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্যাতিত নেতার সংবাদ সম্মেলন এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলের সব স্তরের নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে পটুয়াখালীর মহিপুর থানা সদর বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ফারুককে তুলে নেওয়া হয়। এরপর কলাপাড়ার একটি নির্জন স্থানে নিয়ে তাকে রাতভর অমানুষিক নির্যাতন করা হয়। একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হওয়াকে কেন্দ্র করে এই নির্যাতনের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক অভিযোগ করেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব ফাহিমসহ ১০ থেকে ১৫ জন মিলে তাকে তুলে নিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগী ফারুক থানায় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে