ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা দুই জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি দলটি। এশিয়ান গেমসে নিজেদের পঞ্চম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন অভিষেক। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ায় ভারত।
২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত সিং। ফলে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে থাকে ভারত।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও গোল পায় ভারত। ৩২ মিনিটে সুখজিৎ সিং গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রীত।
এরপর গোলের বন্যায় ভেসে যায় বাংলাদেশের রক্ষণ। ৪৪ ও ৪৫ মিনিটে মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন শিলানন্দ লাকরা। ৪৫ মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং।
শেষ কোয়ার্টারেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে ভারত। ৫৯ মিনিটে গোল করেন সঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে ব্যবধান ১০-০ করেন মানদীপ সিং।
এশিয়ান গেমসে শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য কঠিন ছিল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারের পর স্বাগতিক জাপানের বিপক্ষেও ৬-১ গোলে হারে দলটি। এরপর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১১১ বার পড়া হয়েছে