না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় পরের পর্বে জায়গা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই তা বাতিল করা হয়।
ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
এর আগে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও পরিত্যক্ত হয়। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশের ম্যাচটিও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বাতিল করা হয়।
বিধি অনুযায়ী, র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচও বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় জয় পাবে পাকিস্তান। সে ক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।
১০৭ বার পড়া হয়েছে