সর্বশেষ

সারাদেশ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জ–সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে শুরু হওয়া এ ধর্মঘটে জেলার বিভিন্ন যানবাহন মালিক-শ্রমিক সমিতি ও নেতারা একাত্মতা প্রকাশ করেছেন। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–শেরপুর–সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হলেও পরে আবার বাস আটকের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে আগের নিয়মে বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের কোনো বাস যাত্রী ওঠানামার জন্য স্টপেজ দিতে পারবে না। ওই সিদ্ধান্তের পর বাস চলাচল স্বাভাবিক ছিল।

আবু মঈন চৌধুরীর দাবি, গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকেরা হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখেন। পরে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের বৈঠক হয়। সেখানে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সমঝোতা হলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর সকালে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে মৌলভীবাজারের এসএমএস কর্তৃপক্ষ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখে। তাঁর দাবি, বাসগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি। এ কারণে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবু মঈন চৌধুরী বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করতে দেওয়াই তাঁদের দাবি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

তবে হবিগঞ্জের মালিকদের অভিযোগ অস্বীকার করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন। তাঁর দাবি, বিষয়টি সমাধানের দিকে এগোচ্ছিল। এর মধ্যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করেছেন।

আব্দুর রহিম রিপন বলেন, ওই ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ভাষ্য, শ্রীমঙ্গলের শ্রমিকেরাই বাসগুলো আটকে রেখেছেন এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তিনি বলেন, বিষয়টির সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসতে হবে।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০