‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও সরকারের নেই বলে জানান তিনি।
সারা দেশে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও সরকারের নেই।
তিনি বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১০৬ বার পড়া হয়েছে