সর্বশেষ

সারাদেশ

সিজারে পেটে গজ, রোগীর মৃত্যু: ফরিদপুরে হাসপাতালের ওটি বন্ধ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ এবং পরে ওই রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৃত রোগীর নাম কনিকা মণ্ডল। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সমরিতা জেনারেল হাসপাতালের ওটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ জুন প্রসবব্যথা শুরু হলে কনিকা মণ্ডলকে ফরিদপুর শহরের নিলটুলি মুজিব সড়ক এলাকার সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের কনসালট্যান্ট ও স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন লক্ষ্মী রানী দত্ত তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে কনিকার একটি কন্যাসন্তান জন্ম নেয়।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই কনিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৯ আগস্ট দিবাগত রাত সোয়া দুইটার দিকে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের দাবি, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা কনিকার পেটের ভেতরে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট রাতেই কনিকা মণ্ডলের মৃত্যু হয়।

কনিকার স্বামী অশান্ত মণ্ডলের দাবি, চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়। পরে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি প্রতিবেদন স্বাস্থ্য বিভাগের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনের পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় গজ ও অন্যান্য সামগ্রী গণনা ও যাচাই করা হয়েছিল কি না, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক জটিলতার কারণ যথাসময়ে শনাক্ত করা হয়েছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় এসেছে।

কনিকা মণ্ডলের মৃত্যুর পরদিন সকালে তাঁর বাড়িতে যান স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় সমরিতা জেনারেল হাসপাতালের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী হাসপাতালটির ওটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০