মিষ্টিকে এমপি পদ ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দল থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য ও দলীয় পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি এবং সংসদ সদস্য—দুই পদ থেকেই পদত্যাগ করতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির একজন নীতিনির্ধারক জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি তিনি বিএনপি থেকেও পদত্যাগ করবেন। যেকোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে বলে জানান তিনি। তবে আজই পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনা বেশি।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। ওই দিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্ত হওয়ার পর তাঁর দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
১২০ বার পড়া হয়েছে