শ্রীনগরে গ্রাহকদের টাকা আত্মসাৎ: অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা গ্রেফতার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক ক্যাশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা এই কর্মকর্তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ব্যাংকের নিজস্ব অডিট টিম তদন্ত শুরু করেছে।
গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তার নাম মোঃ শরিফুজ্জামান সোহাগ (৪৩)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাপোতা এলাকার বাসিন্দা এবং ২০১৯ সাল থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারস্থ অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় অফিসার ক্যাশ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শরিফুজ্জামান সোহাগ ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় গ্রাহকদের ১১ থেকে ১২ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়ার প্রলোভন দেখাতেন। পরবর্তীতে ব্যাংকের ভাউচার জালিয়াতি ও ব্যক্তিগত সিল ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি জানাজানি হলে গত ২২ সেপ্টেম্বর তিনি কর্মস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ দ্রুত তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় পুলিশ আসামির কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, দুটি এটিএম কার্ড, একটি চেক বই, একটি ব্যাংকের লকারের চাবি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করলেও আত্মসাৎকৃত অর্থের সঠিক পরিমাণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে, খোয়া যাওয়া অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের জন্য অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। এছাড়া অর্থ আত্মসাতের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সংস্থাটি ঘটনার ছায়াতদন্ত শুরু করেছে। গ্রেফতারকৃত আসামিকে দণ্ডবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
১৪৮ বার পড়া হয়েছে