বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে দেশের জ্বালানি সংকট নিরসন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিরা অপপ্রচার চালাচ্ছে যে আগামী ডিসেম্বরে নাকি তাদের 'রানীমা' দেশে ফিরে আসবেন। অন্যদিকে, রাজাকাররা স্বপ্ন দেখছে ডিসেম্বরে বর্তমান সরকারের পতন ঘটানোর। এসব বহুমুখী চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সর্বদা সজাগ ও সাবধান থাকতে হবে।
জ্বালানি খাতের কথা উল্লেখ করে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করে রাখতে বিগত সরকার নতুন কোনো গ্যাস কূপ খনন করেনি। বর্তমান সরকার বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করে দ্রুত বঙ্গোপসাগরে নতুন গ্যাস কূপ খনন করবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি। এ লক্ষ্যে আগামী মাস থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা সামগ্রী ও পিল বিতরণ জোরদার করা হবে। হাসপাতালে সিজারিয়ান প্রসব কমাতে এবং স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ আনা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দেন।
শনিবার থেকে শুরু হতে যাওয়া হামের টিকাদান কর্মসূচিতে সব শিশুকে শামিল করার আহ্বান জানান তিনি। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ওসি জাহাঙ্গীর বাদশা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
১২২ বার পড়া হয়েছে