ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের ১ বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএসের গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন। কুয়াকাটায় গিয়েও তিনি একই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুকিং করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। এ পরিচয় ব্যবহার করে তিনি দুটি বিয়ে করেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, রাসেল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করেছেন। পাশাপাশি ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়েছে। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
ইয়াসিন সাদেক বলেন, এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেউ নিজেকে ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে বিষয়টি জানানো উচিত।
১০৭ বার পড়া হয়েছে