লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের হাতীবান্ধায় এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। ঘটনার দিন ২০২৩ সালের ৪ আগস্ট তিনি হাতীবান্ধা উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশীর ওই শিশুকে মুঠোফোনে ছবি দেখানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নেন এবং পাশবিক নির্যাতন চালান।
নির্যাতিতা শিশুটি স্থানীয় একটি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ইশারায় অভিযুক্ত শহিদুলের কুকীর্তির কথা প্রকাশ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাওয়ায় আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
১১৫ বার পড়া হয়েছে