চাঁপাইনবাবগঞ্জ সদর ইউসিসিএ শামসুল আলম সভাপতি ও সেলিম রেজা সহ-সভাপতি নির্বাচিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে তুমুল প্রতিদ্বন্দ্বীতার পর সভাপতি পদে শামসুল আলম এবং সহ-সভাপতি পদে সেলিম রেজা নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে জেলা সমবায় কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। বিজয়ী প্রার্থী শামসুল আলম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ২৯ ভোট। অন্যদিকে, সহ-সভাপতি পদে সেলিম রেজা ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুরকান আলি হাসিব পেয়েছেন ৩৬ ভোট।
সমবায়ীদের প্রত্যক্ষ ভোটে সদস্য পদে লিয়াকত আলি ও তোজ্জাম্মেল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই নির্বাচনে ৪ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন। তারা হলেন— আব্দুল কুদ্দুস, আনসার আলী, সায়েরা বেগম এবং রহিমা আক্তার।
ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সমবায়ী সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী সমবায় সমিতির উন্নয়ন এবং সমবায়ীদের সার্বিক স্বার্থ রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
১২৫ বার পড়া হয়েছে