টয়লেটে ধোয়া হতো মাংস! মানিকগঞ্জে ৩ নামী রেস্তোরাঁকে জরিমানা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ শহরের তিনটি স্বনামধন্য রেস্তোরাঁয় টয়লেটে মাংস ধোয়া, নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে বড় জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে পরিচালিত এই বিশেষ অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে মানিকগঞ্জ শহরের ঢাকা বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরার নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঢাকা বিরিয়ানি হাউসের রান্নাঘরে চরম স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র দেখা যায়। সেখানে টয়লেটের ভেতরে নোংরা পরিবেশে মাংস ধোয়া হচ্ছিল এবং খাবারে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। এই মারাত্মক অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র স্থানান্তরের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান কর্মকর্তারা।
১১২ বার পড়া হয়েছে