কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ কয়েক হাজার নেতাকর্মী।
কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বুধবার সকালে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া সমর্থকরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে নবগঠিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, নতুন কমিটির সবাই সাবেক ছাত্রনেতা এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের নবনির্বাচিত সহসভাপতি জাকারিয়া আনসার মিলন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কুষ্টিয়ায় যুবদল আরও গতিশীল হবে এবং অতীতের সব দুর্বলতা কাটিয়ে রাজপথে জোরালো ভূমিকা রাখবে।
উক্ত শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ ছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।
১৩৩ বার পড়া হয়েছে