মুন্সীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অতিরিক্ত দামে আইনি ব্যবস্থা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার এক গুরুত্বপূর্ণ সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় জেলার কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও সার ব্যবস্থাপনার ওপর বিশদ আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, কৃষকদের সার ও বীজের চাহিদা দ্রুততম সময়ের মধ্যে মেটানোর জন্য প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে কোনো অবস্থাতেই ডিলাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিতে পারবেন না। প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রেতাদের ক্যাশ মেমো দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ডিলার বা বিক্রেতা অবৈধ উপায়ে সারের কৃত্রিম সংকট তৈরি করেন বা নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম নেন, তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মানুযায়ী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন করতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এছাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সার-বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এতে অংশ নেন।
১৭০ বার পড়া হয়েছে